বুধবার দেশের চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন দেশের ৪০ জেলার ৯৭ উপজেলায় ভোট গ্রহণ হবে।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকে ঘিরে নিয়োগ করা হয়েছে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী।
জানা গেছে, ইতোমধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মাঠে নেমেছে। সঙ্গে পর্যাপ্ত পরিমাণ র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যও নামানো হয়েছে।
এদিকে সোমবার মধ্যরাত থেকে এসব উপজেলায় মিছিল-মিটিংসহ সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ রয়েছে। একইসঙ্গে সব ধরনের যান্ত্রিক যান চলাচলও বন্ধ রয়েছে।
সূত্র জানায়, উপজেলা নির্বাচন দলীয় ব্যানারে না হলেও সব জায়গাতেই দলীয় প্রভাব রয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের পছন্দমতো প্রার্থী দিয়েছে।
একইসঙ্গে বড় দল দু'টির অসংখ্য বিদ্রোহী প্রার্থীও ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। অন্যদিকে এ নির্বাচন নিয়ে নানা কারণে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। এসব উপজেলাতে ভোটগ্রহণ উপলক্ষে সাধারণ ছুটি থাকছে।
নির্বাচন কমিশন প্রথম দফায় ১০২টি উপজেলার তফসিল ঘোষণা করলেও বুধবার ভোট হবে ৪০ জেলার ৯৭টি উপজেলায়। সীমানা নির্ধারণ নিয়ে জটিলতার কারণে রংপুরের চারটি উপজেলায় নির্বাচন স্থগিত রয়েছে। পীরগঞ্জ উপজেলার ভোট হবে ২৪ ফেব্রুয়ারি।
সূত্র জানায়, ৯৭ উপজেলায় মোট ১ হাজার ২৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৪৩২ জন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থীর সংখ্যা ৫১৩ জন। ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থীর সংখ্যা ৩২৯ জন।
মোট ভোটার ১ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার ১৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮১ লাখ ৯১ হাজার ৫৩৭ জন, মহিলা ভোটার ৮২ লাখ ৮৬ হাজার ৬৩৫ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৬ হাজার ৯৯৫টি, ভোটকক্ষ ৪৩ হাজার ২৯০টি। প্রিসাইডিং অফিসার প্রতি ভোট কেন্দ্রে একজন করে ৬ হাজার ৯৯৫ জন।
সহকারী প্রিসাইডিং অফিসার প্রতি ভোটকক্ষের জন্য একজন করে মোট ৪৩ হাজার ২৯০ জন এবং পোলিং অফিসারের সংখ্যা ৮৬ হাজার ৫৮০ জন দায়িত্ব পালন করবেন।
এদিকে নির্বাচনকে ঘিরে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে ইসি। তাছাড়া সংখ্যালঘুদের নিরাপত্তা দেয়ার জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে প্রথম ধাপের নির্বাচন করতে সোমবার থেকে এসব উপজেলায় সেনাবাহিনী নামানো হয়েছে। নির্বাচন পরবর্তী দুইদিন পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে তাদেরকে নামানো হয়েছে। প্রতি উপজেলায় ১ প্লাটুন করে সেনাবাহিনীর সদস্য টহল দিচ্ছেন। বড় উপজেলায় এ সংখ্যা প্রয়োজন হলে আরো বাড়বে ইসি।
পাশাপাশি প্রতি উপজেলায় সেনাবাহিনীর দুই থেকে তিনটি গাড়ি রয়েছে। সঙ্গে সেনাবাহিনীর কমান্ডিং অফিসার ও একজন করে ম্যাজিস্ট্রেট রয়েছেন। মোবাইল ফোর্স হিসেবে পর্যাপ্ত পরিমাণ র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
এছাড়া প্রতি কেন্দ্রে একজন পুলিশ, অঙ্গীভূত আনসার একজন, অঙ্গীভূত আনসার ১০ জন (মহিলা-৪, পুরুষ-৬) এবং আনসার একজন ও গ্রামপুলিশ একজন করে আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছেন। পার্বত্য এলাকা, দ্বীপাঞ্চল ও হাওর এলাকায় এ সংখ্যা শুধু পুলিশের ক্ষেত্রে দু’জন হবে।
এ ছাড়া ভোটের দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষায় ৩৮৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
এদিকে উপজেলা নির্বাচনে নির্বাচনী বিরোধ নিষ্পত্তি করতে ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ ও ‘নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল’ গঠন করেছে ইসি। এ ট্রাইব্যুনাল নির্বাচনি দরখাস্ত ও আপিল গ্রহণ, শুনানি ও নিষ্পত্তির জন্য কাজ করবে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি চিঠি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছে কমিশন।
এ ছাড়া নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে নিবার্চন কমিশনার মো. শাহ নেওয়াজ। সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত দায়িত্ব প্রাপ্তদের বিরুদ্ধে যদি কোনো ধরনের অনিয়মে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গোয়েন্দাদের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান এ কমিশনার।
সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিশেষ নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান এ কমিশনার।
এদিকে ভোটগ্রহণের জন্য সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এএসএম মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
[b]ঢাকা, এএ, ১৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]