রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার পর শনিবার প্রথম রাজশাহী সফরে যাচ্ছেন।
দুপুরে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এ ছাড়া তিনি বাগমারায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স ও সালেহা-ইমারত মেডিকেল সেন্টার পরিদর্শন করবেন।
স্থানীয় সাংসদ মো. এনামুল হক জানান, সালেহা-ইমারত ফাউন্ডেশনের পক্ষ থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট ও প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতী ৪২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি। এ ছাড়া একই অনুষ্ঠানে বাগমারায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হবে।
এর মধ্যে রয়েছেন সাংবাদিক, শিক্ষক, মুক্তিযোদ্ধা, কৃষক ও পুলিশ। একসময়ের রক্তাক্ত জনপদকে শান্তির জনপদে রূপান্তর করার জন্য বাগমারা থানার পুলিশকে সংবর্ধিত করা হবে বলে জানান তিনি।
এনামুল হক আরো জানান, নব্বইয়ের দশকের পর কোনো রাষ্ট্রপতির বাগমারা সফর এটি। রাষ্ট্রপতির সফর উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস
[/b]