সারাদেশের তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙ্গামাটি ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ।
এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]