৬ষ্ঠ দফা উপজেলা পরিষদ নির্বাচন আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট উপজেলায় নৌযান চলাচলের ওপর কিছুটা  শিথিলতা এনেছে নির্বাচন কমিশন (ইসি) । চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পাঁচ দফায় সব ধরনের ইঞ্জিনচালিত নৌযানসহ সকল যানের ওপর নিষেধাজ্ঞা থাকলেও ৬ষ্ঠ দফায় শুধু লঞ্চ ও স্পিডবোটের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে সোমবার ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব আশফাকুর রহমানের পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়, চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম থেকে ৫ম দফা পর্যন্ত ভোটগ্রহণের আগের রাত ১২ টা থেকে পরের দিন রাত ১২ টা পর্যন্ত সকল ধরনের ইঞ্জিন চালতি নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলো ইসি। তবে ৬ষ্ঠ দফার নির্বাচনে শুধু লঞ্চ ও স্পিডবোটের চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। তবে প্রার্থী বা তার এজেন্টদের চলাচল এবং দেশি-বিদেশী সাংবাদিক, কতিপয় জরুরী কাজ যেমন-ফায়ার সার্ভিস, বিদ্যুত, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ বহনকারী লঞ্চ/স্পিডবোটের ওপর   এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
এ বিষয়ে কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব আশফাকুর রহমান বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পাঁচ  দফায় সব ধরনের ইঞ্জিন চালিত নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। কিন্তু ৬ষ্ঠ দফায় শুধু লঞ্চ ও স্পিডবোটের ওপর নিষেধাজ্ঞা  জারি করা হয়েছে। তবে বিগত ৫ দফার মতো ৬ষ্ঠ দফায়ও নির্দিষ্ট এলাকার সড়ক পথে সকল প্রকার যান্ত্রিক যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে।  
উল্লেখ্য, ৬ষ্ঠ দফায় দেশের ১৪টি উপজেলা পরিষদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও আগামী ১৯ মে ১২টি উপজেলায় ভোট গ্রহণ হবে।  আদালতের নিষেধাজ্ঞার কারণে দুটি উপজেলার ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।
[b]ঢাকা, এএম, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]