প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের আমন্ত্রণে চারদিনের এক সরকারি সফরে আজ মধ্যরাতে টোকিও’র উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তাঁর এই সফরের মধ্য দিয়ে ঢাকা ও টোকিও’র দ্বি-পক্ষীয় সম্পর্কের নতুন দিগন্তের সূচনা হবে।
গত ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর কোন দেশে এটি হবে শেখ হাসিনার প্রথম দ্বি-পক্ষীয় সফর এবং প্রধানমন্ত্রী হিসেবে জাপানে এটি হবে তাঁর তৃতীয় সরকারি সফর। তিনি ১৯৯৭ সালে প্রথম এবং ২০১০ সালে দ্বিতীয়বার জাপান সফর করেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাত ১২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
বিমানবন্দরে এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম,শিল্পমন্ত্রী আমির হোসেন আমু,রেলওয়ে মন্ত্রী মুজিবুল হক,সংস্থাপন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক,চিফ হুইপ আ স ম ফিরোজ,তিন বাহিনীর প্রধানগণ,মন্ত্রিপরিষদ সচিব, ঢাকায় নিযুক্ত জাপানী দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ,কূটনৈতিক কোরের ডিন এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।
টোকিও যাওয়ার পথে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় ঘণ্টা যাত্রা বিরতি করবেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটি ২৫ মে বেলা ১টায় (জাপান সময়) টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আগামী ২৬ মে তাঁর কার্যালয়ে দ্বি-পক্ষীয় শীর্ষ বৈঠকে যোগ দেবেন। পরে দুই প্রধানমন্ত্রী এক যৌথ বিবৃতিতে স্বাক্ষর করবেন।
শেখ হাসিনা সোমবার টোকিও’র ইম্পেরিয়াল প্রাসাদে জাপানের সম্রাট আকিহিতো’র সঙ্গে সাক্ষাৎ করবেন।
[b]ঢাকা,২৫ শে মে (টাইম নিউজবিডি.কম)/কেএ [/b]
শ্রেণীহীন
জাপানের পথে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের আমন্ত্রণে চারদিনের এক সরকারি সফরে আজ মধ্যরাতে টোকিও’র উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন





