প্রতিষ্ঠাকালীন সময়ে ৩২টি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের যাত্রা শুরু হলেও বর্তমানে মাত্র ৩টি প্রতিষ্ঠান চালু আছে।
প্রতিষ্ঠান ৩টি হচ্ছে ঢাকার মিমি চকলেট লিমিটেড, পূর্ণিমা ফিলিং এন্ড সার্ভিসেস স্টেশন এবং চট্টগ্রাম ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক  রোববার সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের এ কে এম শাহজাহান কামালের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
তিনটি প্রতিষ্ঠানের মধ্যে মিমি চকলেট লিমিটেড বর্তমানে লাভজনকভাবে পরিচালিত হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, চকলেট উৎপাদনের মেশিনারীগুলো দীর্ঘ প্রায় ৫০ বছরের পুরাতন। বর্তমানে এ প্রযুক্তির মেশিনারী দেশে-বিদেশে বিদ্যমান নেই। মেশিনারীজ-এর সমস্যা প্রায় দেখা দেয়। এরপরও স্থানীয়ভাবে যন্ত্রাংশ তৈরি ও মেরামত করে উৎপাদন অব্যাহত রাখা হচ্ছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  বলেন,পূর্ণিমা ফিলিং এন্ড সার্ভিসেস স্টেশনটি ৪৭, টয়েনবি সার্কুলার রোডে অবস্থিত। এটি ১৯৭২ সালে ট্রাস্টের অধীনে ন্যাস্ত হয়। প্রতিষ্ঠানটির জমির পরিমাণ শূন্য দশমিক ১১০৮ একর। মাসিক গড় বিক্রয় ১ কোটি টাকা এবং মাসিক বেতন-ভাতাদি বাবদ ব্যয় প্রায় ৩ লক্ষ টাকা। এই প্রতিষ্ঠানটিকে লাভজনক হিসাবে উল্লেখ করেছেন মন্ত্রী।
মন্ত্রী সংসদকে বলেন, চালু থাকা তৃতীয় প্রতিষ্ঠানটি হচ্ছে ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এটি চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত। এই প্রতিষ্ঠানটি জমির পরিমাণ ২৫ দশমিক ৫৩ একর।
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]