ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সড়কে নসিমন-করিমন,ভটভটি ও থ্রি হুইলার গাড়ি বন্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে জেলার মোটর মালিক সমিতি ও মটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার থেকে জেলার ৬টি অভ্যন্তরীণ রুটসহ ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে অনির্দিষ্টকালের এই পরিবহণ ধর্মঘটের ডাক দেয়া হয়।
এদিকে ধর্মঘটের নামে একদল শ্রমিক বিভিন্ন রাস্তায় ৭টি অটোরিকশা ও থ্রি হুইলার গাড়ি ভাঙচুর  করে। এরই প্রতিবাদে অটো মালিক সমিতি জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে।
শ্রমিক নেতারা জানান,জেলার বিভিন্ন অভ্যন্তরীণ রুটে অবৈধভাবে নসিমন-করিমন,ভটভটি ও থ্রি হুইলার চলাচল বন্ধের দাবিতে কয়েক মাস যাবত প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক করে। তারপরও প্রশাসন অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে পারেনি।
এদিকে বুধবার সকালে মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা লাঠিসোটা নিয়ে ট্রাকযোগে বিভিন্ন সড়কে ঘুরে বেড়ায় এবং রুহিয়া,বালিয়াডাঙ্গী সড়কে চলাচলকারী ৭টি অটোরিকশা ও থ্রি-হুইলার গাড়ি ভাঙচুর করে।
খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গেলে ভাঙচুরকারীরা পালিয়ে যায়। এরই প্রতিবাদে ঠাকুরগাঁও জেলা অটো রিক্সা মালিক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে পুলিশ সুপার ফয়সল মাহমুদ জানান,ধর্মঘটের নামে কেউ নাশকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।[b]
ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]