সাতক্ষীরা সীমান্তে বিজিবি ও গোয়েন্দা পুলিশ পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় শাড়ি-কাপড়  ও ফেন্সিডিল উদ্ধার করেছে।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ইমাম আহসান জানান,আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশাডাঙ্গা সীমান্তে নায়েক সুবেদার কবির আহমেদ এর নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২৪'শ মিটার থানকাপড়, ১৫১ পিচ থ্রি-পিচ ও শাড়ি এবং দুটি মটর সাইকেল উদ্ধার করে।
এ ঘটনায় বিজিবি'র পক্ষ থেকে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। আটক এসব চোরাচালানী মালামালের মূল্য ১৭ লাখ ৯০ হাজার টাকা।
অপরদিকে,গোয়েন্দা পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তহিদুর রহমান নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে ভাদড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল হান্নান এর নেতৃত্বে পুলিশ এ বিপুল পরিমান ফেন্সিডিল আটক করে। আটক ফেন্সিডিলের আনুমানিক মূল্য এক লাখ ৮০ হাজার টাকা।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ওসি সরদার মোশারফ হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,এ ঘটনায় আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]