[b]ঢাকা:[/b] দশম জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণের মত বিদেশিরাও বিএনপিকে  প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেন, বিদেশিদের কাছে ধরনা দেয়া বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।
বুধবার দুপুরে জাতীয় ‍প্রেসক্লাবে ‌'‍‍‌জনতার প্রত্যাশা' আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজ (বুধবার) খালেদা জিয়া সংবাদ সম্মেলন করবেন। আমরা আশা করবো তিনি সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ কর্মসূচি দেবেন। এবং দশম জাতীয় সংসদ নির্বাচনে না গিয়ে যে ভুল করেছেন তা শোধরাবেন।
তিনি আরও বলেন,বিএনপি যে হতাশায় ডুবে আছে আমরা চাই সেখান থেকে তারা বেরিয়ে আসুক। খালেদা জিয়াকে নিয়েই দেশের উন্নয়নের জন্য কাজ করতে চাই।
মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে তিনি বলেন,এই সরকারের মেয়াদেই মানবতাবিরোধী অপরাধের সব বিচার ও রায় কার্যকর করা হবে। এছাড়াও আন্দোলনের নামে যারা বাসে আগুন দিয়েছে,গাছ কেটেছে তাদেরও মানবতাবিরোধী অপরাধের মতো বিচার করা হবে।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, এই সরকার সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে। পাঁচ বছর ক্ষমতায় থাকবে এটাই স্বাভাবিক।
তিনি আরও বলেন,আমরা আশা করবো আজকের(বুধবার) সংবাদ সম্মেলনে খালেদা জিয়া জামায়াতে ইসলামীকে ছাড়ার ঘোষণা দেবেন।
সংগঠনের সভাপতি ও কৃষক লীগের সহ-সহসভাপতি এম এ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এড. আফজাল হোসেন, যুক্তরাষ্ট্র আ’লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু,এড. আসাদুজ্জামান দূর্জয়,মহানগর আওয়ামী লীগ নেতা জি.এম আতিক, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ সেলিম প্রমুখ।