কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাংলাদেশী কৃষকের ২০ বিঘা জমি দখল করে নিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কৃষকরা ১৫৭/১ (এস) সীমান্ত পিলারের সন্নিকটে তাদের জমি চাষ করতে গেলে বিএসএফ তাদের ধাওয়া করে ওই সকল আবাদী জমি দখল করে নেয়।
মোহাম্মদপুর গ্রামের কৃষক মুকুল মেম্বার জানান, গম কাটার পর পাট বপনের জন্য বৃহস্পতিবার দুপুরে তার জমিসহ অপর কৃষক ফজলু বিশ্বাস, টুলু মন্ডল, রেজাউল করিম ও নুরু মন্ডলের প্রায় ২০ বিঘা জমি পাওয়ার টিলার দিয়ে চাষ করতে গেলে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার বাউশমারী ক্যাম্পের চহলরত বিএসএফ তাদের বাঁধা দেয়। এসময় কৃষকরা তাদের জমি চাষে বাঁধা দেয়ার প্রতিবাদ করলে বিএসএফ ওই সকল কৃষকদের অস্ত্র উচিয়ে ধাওয়া করলে তারা প্রাণ ভয়ে পালিয়ে আসে।
জমি দখলের বিষয়টি স্থানীয় বিজিবিকে জানালে রামকৃষ্ণপুর বিওপির টহলদল বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হলে বিএসএফ দখল করা জমি থেকে সরে যায়।
বডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ৩২ ব্যাটালিয়ন অধিনস্থ রামকৃষ্ণপুর বিওপির অধিনায়ক নায়েক সুবেদার আবু বক্কর জানান,  বিষয়টি সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উভয় দেশের বিজিবি-বিএসএফ কর্মকর্তা পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে জমি দখলের বিষয়টি নিস্পত্তি করা হবে।        
[b]কুষ্টিয়া,কেকে, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
[/b]