আগামী ২৪ এপ্রিল আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব-নির্ধারিত বরিশাল সফর স্থগিত করা হয়েছে।  
বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সফর স্থগিতের একটি চিঠি বরিশাল জেলা প্রশাসনের হাতে এসে পৌঁছেছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, আগামী ২৪ এপ্রিল নগরীর কর্ণকাঠীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন এবং পটুয়াখালীর কলাপাড়ায় কোস্টগার্ডের একটি প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর বরিশাল সফরে আসার কথা ছিলো।
প্রধানমন্ত্রীর বরিশালের সফরকে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি শুরু করেছিলো জেলা প্রশাসন। তবে কর্মসূচির এক সপ্তাহ পূর্বে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করেই সফর স্থগিত করা হয়।
বরিশাল জেলা প্রশাসক মো. শহীদুল আলম বলেন,প্রধানমন্ত্রীর বরিশাল সফর স্থগিতের চিঠি তিনি হাতে পেয়েছেন। তবে কী কারণে বরিশাল সফর স্থগিত করা হয়েছে তা চিঠিতে উল্লেখ করা হয়নি। পরবর্তী যেকোন সময়ে প্রধানমন্ত্রীর বরিশাল সফরের সময়সূচি জানিয়ে দেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]