পঞ্চগড়ে অনির্দিষ্টকালের জন্য পাথর বালি বিক্রি ও সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন জেলার পরিবহন ও পাথর শ্রমিকরা। রোববার থেকে পাথর বালি ব্যবসায়ীরা পাথর বালি বিক্রি করা বন্ধ করে দেন।
জানা গেছে, ট্রাকে পাথর তোলার মজুরি বৃদ্ধি ও বকশিশের নামে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে কোন ধরনের আলোচনা ছাড়াই গত রোববার থেকে সকল প্রকার পাথর বালি বিক্রি ও সরবরাহ বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। এতে কর্মহীন হয়ে পড়েছেন জেলায় কর্মরত পরিবহন শ্রমিকসহ পাথর বালি শ্রমিকরা।
গত শনিবার পাথর ও বালি কোয়ারি থেকে প্রতি ঘনফুট ১ টাকা ৬০ পয়সার পরিবর্তে ২ টাকার দাবি জানিয়ে পাথর বালি পরিবহন শ্রমিকরা মাইকিং করায় পাথর ও বালি যৌথ ফেডারেশনের নেতৃবৃন্দ রোববার থেকে অনির্দিষ্ট কালের জন্য সকল প্রকার পাথর বালি বিক্রি ও সরবরাহ বন্ধ করে দেয়। সোমবার দ্বিতীয় দিনেও কোন প্রকার সিদ্ধান্ত না হওয়ায় কর্মহীন শ্রমিকরা পড়েছেন চরম দুর্ভোগে।
শ্রমিকরা জানায়, পাথর উত্তোলনের শুরু থেকে এ পর্যন্ত ১ টাকা থেকে দেড় টাকা দরে প্রতি ঘন ফুট পাথর-বালি ট্রাকে লোড আনলোড করে আসছি। যখন পাথরের বিক্রয় মূল্য প্রতি ঘন ফুট ৫ টাকা ১০ টাকা ছিল তখন যে মজুরী পেতাম। এখন ৭০ থেকে ৮০ টাকা দরে প্রতি ঘন ফুট পাথর বিক্রি হলেও এখনো সেই আগের মজুরিই পাচ্ছি। দীর্ঘদিন ধরে আমরা ২ টাকা হারে প্রতি ঘন ফুট দাবী জানালেও কর্ণপাত করেননি পাথর-বালি ব্যবসায়ীরা।
পঞ্চগড়ের ভজনপুর ট্রাক বন্দোবস্তকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি তসলিম উদ্দীন বলেন,“আমরা শ্রমিক, আমাদের মাথার ঘাম পায়ে ফেলে অনেক কোটি পতি ও শিল্পপতি বানিয়েছি। কিন্তু আমাদের দুঃখ-কষ্ট রয়েই গেছে। বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে রকম আকাশ ছোঁয়া দাম বেড়েছে সে তুলনায় আমাদের প্রাপ্য আমরা কখনই পাইনি। আমাদের মজুরির মূল্য মাত্র ৪০ পয়সা বাড়াতে বলেই আজ আমরা কর্মহীন।
জেলা-পাথর বালি যৌথ ফেডারেশনের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাচ্চু বলেন, আলোচনা ছাড়াই শ্রমিকরা অতিরিক্ত মজুরি দাবী ও বকশিশ নামে চাঁদাবাজি করায় সকল প্রকার পাথর-বালি বিক্রি ও সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
এদিকে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রেণু মিয়া জানান, শ্রমিকরা ৪ বছর ধরে প্রতি ঘনফুট পাথর ও বালি ১ টাকা ৬০ পয়সা হারে ট্রাকে তুলছে। এখন সবকিছুর দাম বেড়েছে। কিন্তু শ্রমিকরা তাদের ন্যায্য দাবির কথা বললে ব্যবসায়ীরা চাঁদাবাজি বলে উল্লেখ করেন। এটা খুবই দুঃখজনক।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন জান্না, বিষয়টি আলোচনা সাপেক্ষে সমঝোতার উদ্যোগ নেয়া হয়েছে।
ঢাকা, ২জুন (টাইমনিউজবিডি) //জেডআই
শ্রেণীহীন
পাথর বালি বিক্রি ও সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে শ্রমিকরা
পঞ্চগড়ে অনির্দিষ্টকালের জন্য পাথর বালি বিক্রি ও সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন জেলার পরিবহন ও পাথর শ্রমিকরা। রোববার থেকে পাথর বালি ব্যবসায়ীরা পাথর বালি বিক্রি করা বন্ধ করে দেন।





