বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রিজিয়ন কমান্ডার (সরাইল ও চট্টগ্রাম) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর ফ্রন্টিয়ার আইজি (মেঘালয়, গৌহাটি, মিজোরাম-কাছার এবং ত্রিপুরা ফ্রন্টিয়ার) পর্যায়ে চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। ভারতের শিলংয়ে বৃহস্পতিবার থেকে এ সম্মেলন শুরু হয়।
সম্মেলনে আলোচ্য সূচি অনুযায়ী সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা, আটক, অপহরণ, নির্যাতন, অবৈধভাবে সীমান্ত অনুপ্রবেশ, ফেনসিডিল, হেরোইন ও গাঁজাসহ বিভিন্ন মাদক দ্রব্যের চোরাচালান বন্ধসহ সীমান্তে বিভিন্ন উন্নয়মূলক কাজ এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির বিষয়াদি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিমের নেতৃত্বে ২০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে যোগ দিয়েছেন।
বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রামের কমান্ডার, বিজিবির রাঙ্গামাটি, কুমিল্লা, শ্রীমঙ্গল, ময়মনসিংহ, বান্দরবান, সিলেট, খাগড়াছড়ি, গুইমারা সেক্টর কমান্ডারগণ, বিজিবির স্টাফ অফিসারবৃন্দ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেছেন।
অপরদিকে, বিএসএফ গৌহাটি ফ্রন্টিয়ারের আইজি সুধীর কুমার শ্রীবাস্তবের নেতৃত্বে ২২ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে যোগ দেন।
ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফ মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম এন্ড কাছার ফ্রন্টিয়ারের আইজিগণ, সংশ্লিষ্ট সেক্টরের ডিআইজিগণ, ফ্রন্টিয়ার ও সেক্টর পর্যায়ের স্টাফ অফিসারবৃন্দ ছাড়াও ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
[b]ঢাকা,৭মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]