বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড এলাকা থেকে ২৫টি স্বর্ণের বারসহ গোপাল চন্দ্র মণ্ডল নামে এক ভারতীয় এক নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার সকালে বিএসএফ সদস্যরা গোপাল চন্দ্র মণ্ডলকে আটক করে। আটককৃত গোপাল চন্দ্র বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল চেকপোস্টের হাওলাদার নামের একটি মানিচেঞ্জার দোকানের মালিক।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল্লাহ জানান, গোপাল চন্দ্র বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ড দিয়ে ভারতে যাওয়ার সময় সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পেট্রাপোল বিএসএফ সদস্যরা তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ২৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে এই স্বর্ণের বারগুলো বাংলাদেশের কোথায় থেকে আসছে বা কে মালিক এখনো কিছু জানা যায়নি।

চেকপোস্টের একাধিক সূত্র জানিয়েছে, গোপাল প্রতিদিন সকালে পেট্রাপোল-বেনাপোল চেকপোস্ট থেকে নির্বিঘ্নে বাংলাদেশে ঢুকে বেনাপোল বাজারে আসে। বাজার থেকে ইলিশ মাছসহ অন্যান্য জিনিস কিনে আবার ভারতীয় চেকপোস্টে চলে যায়। বাংলাদেশ থেকে এসব জিনিসপত্র ভারতীয় পুলিশ ও কাস্টম কর্মকর্তাদের সরবরাহ করে থাকে। এ কারণে দুপাড়েই গোপালের বেশ কদর। আর এ সুযোগটি কাজে লাগিয়ে গোপাল দীর্ঘদিন ধরে স্বর্ণ পাচার করে আসছিল।

এদিকে বেনাপোল চেকপোস্ট থেকে কিভাবে সোনার চালানটি গোপাল কার কাছ থেকে নিয়েছে তা খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থার লোকজন।
গত ২৫ জানুয়ারি বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড এলাকা থেকে ২০টি স্বর্ণের বারসহ আলী কদর  নামে এক ভারতীয় লেবারকে আটক করেছিল বিএসএফ।
[b]ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]