সমুদ্রসীমা নিয়ে আন্তর্জাতিক আদালতে রায় প্রকাশের পর আমাদের পররাষ্ট্রমন্ত্রী এই রায় মেনে নেয়ার জন্যে প্রথমেই ভারতকে স্বাগত জানিয়েছেন। বাংলাদেশ সরকারের ভাবখানা এমন যে এই রায়ে ভারত পরাজিত হয়েছে। আমরাই বিজয়ী হয়েছি। বিজয়ী পক্ষ পরাজিত পক্ষকে এই ভঙ্গিতেই স্বাগত জানায়।
২৫ হাজার ৬০২ বর্গ কিলোমিটারের মধ্যে ১৯ হাজার ৪৬৭ বর্গকিলোমিটার বাংলাদেশ পেয়েছে। এমন উৎফুল্ল বা অতিরিক্ত খুশী হওয়ার কারন এই বিরোধপূর্ণ এলাকার বেশির ভাগ আমরা পেয়েছি, ওরা কম পেয়েছে।
এখন প্রশ্ন, এই বিরোধপূর্ণ জায়গার ২৫ হাজার ৬০২ বর্গকিলোমিটারের মধ্যে কি আদতেই বাংলাদেশের অন্যায্য দাবি কিছু ছিল? বরং বলা যায় আর্বিট্রেশনে বা আন্তর্জাতিক সালিশ আদালতে সুবিধা নেয়ার জন্যেই ইন্ডিয়া তার পাওনার চেয়ে অনেক বেশি দাবি করেছিল। এখন যতটুকু পেয়েছে তত টুকুই ইন্ডিয়ার লাভ।
বিষয়টি একটি সহজ উদাহরণের মাধ্যমে বোঝানো যেতে পারে। মনে করুন, এক মদনের কাছে ২৫টি কলা রয়েছে। জনৈক মধু এসে বললো, না এই কলাগুলি আমার। কাজেই আইনের পরিভাষায় এই ২৫টি কলা হয়ে গেল ডিসপুটেড বা বিরোধপূর্ণ । এক সালিশবোর্ড এসে কলা গুলি সমতার ভিত্তিতে মদন আর মধুর মধ্যে ভাগ করে দিল। মদন পেল ১৯টি কলা এবং মধু পেলো ৬টি কলা।
নেহায়েত চাপা ও মেধার জোরে মধু এই ৬ টি কলা অতিরিক্ত পেয়ে গেছে । মদন এখন খুশীতে ডুগডুগি বাজাচ্ছে। কারন সে মধুর চেয়ে ১৩টি কলা বেশি পেয়েছে। শুধু তাই নয়, এই রায় খুশী মনে মেনে নেয়ার জন্যে মধুর প্রতিক্রিয়া প্রকাশের আগেই মদন তাকে ধন্যবাদ জানিয়ে ফেলেছে।
এ সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমাদের আদরের দিপু মনি জানান, এ রায়ে জনগণের স্বার্থ রক্ষা হয়েছে। তিনি মামলার শুরু থেকে রায় হওয়া পর্যন্ত নিজে এর সঙ্গে জড়িত থাকার কথা জানিয়ে বলেন, এ রায় প্রমাণ করেছে আওয়ামী লীগই পারে, আওয়ামী লীগ পারবে।
তার এই আদুরে কথাটি শুনে দেশবাসী দীর্ঘ নিঃশ্বাস টেনে বলছে, ঠিক বলছেন আপুমনি, আসলে আওয়ামী লীগই পারে,আওয়ামী লীগই পারবে। অনেক কিছু হারানোর পরেও এভাবে বিজয়ের ঢেকুর তুলতে ও প্রতিপক্ষকে এমনভাবে ধন্যবাদ জানাতে একমাত্র আওয়ামী লীগই পারবে।
এই রায় দেশবাসীকে জানানোর স্টাইল বা ভঙ্গী দেখে জনগণ যা বোঝার তা বুঝে গেছে - তালপট্টি দ্বীপটি বোধহয় আমরা জীবনের তরে হারিয়ে ফেলেছি।
এর পরেও যদি সমুদ্র বিজয়ের জন্যে নাচানাচি দেখতে হয়, তবে এর চেয়ে কষ্টের বিষয় এই হতভাগা জাতির জন্যে আর কী থাকতে পারে? (সংগৃহীত)
ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) কেবি





