করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কুষ্টিয়া-১ আসনের (দৌলতপুর) আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দীন আহমেদ।
শনিবার (১৭ জুলাই) রাত পৌনে ২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ৯৫ বছর বয়সে তার মৃত্যু হয়।
তার ছোট ভাই শরীফ রেজা খোকন সাবেক এই সাংসদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ০৮ জুলাই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আফাজ উদ্দীন আহমেদের স্ত্রী মনোয়ারা বেগম আলো।
শরীফ রেজা খোকন জানান, স্ত্রীসহ আফাজ উদ্দীন আহমেদ করোনা পজিটিভ হলে গত ২৩ জুলাই দুজনকেই চিকিৎসার ঢাকায় নিয়ে যাওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছিল। আফাজ উদ্দীনের অবস্থা স্থিতিশীল থাকলেও ৮ জুলাই তার স্ত্রী মনোয়ারা বেগম মারা যান। স্ত্রীর মারা যাওয়ার পর থেকে তার শারীরিক অবস্থা অবনতির দিকে যেতে থাকে।
তিনি জানান, ১৩ জুলাই আফাজ উদ্দীনকে স্কয়ার হাসপাতালে স্থানাস্তর করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছিল। অবস্থা আরো খারাপের দিকে যাওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। শনিবার সন্ধ্যা থেকে এলাকায় তার মৃত্যুর গুঞ্জন চলছিল। রাত পৌনে ২টার দিকে তার মৃত্যুর বিষয়টি ঘোষণা করেন চিকিৎসকরা।
আফাজ উদ্দীন আহমেদ ১৯৭৯ সাল থেকে একটানা দীর্ঘ ২৩ বছর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২০০৩ সালে থেকে সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
দশম সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেও নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি। পরে একাদশ সংসদ নির্বাচনে দলীয় টিকেট পাননি।
তার ছোট ছেলে অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন বর্তমানে দৌলতপুর উপজেলা চেয়ারম্যান।
এমবি





