খুন, গুম ও অপহরণসহ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি কূটনৈতিকদের অবহিত করল বিএনপি।
বুধবার বিকালে গুলশানের হেরিটেজ হোটেলে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মানবাধিকার সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে  বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিকাল সোয়া ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত প্রায় দেড়ঘণ্টা ব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও খুন-গুম-অপহরণসহ সার্বিক বিষয় অবহিত করা হয়। এছাড়া গত ১৪ মাসে বিএনপির যেসব নেতাকর্মী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত ও গুম হয়েছে তার তথ্য চিত্রসহ একটি প্রতিবেদন তুলে দেওয়া হয়েছে।
রাষ্ট্রদূতদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানাসহ আমেরিকা, সিঙ্গাপুর, নেপাল, নেদারল্যান্ডস, ফ্রান্স, ডেনমার্ক, নড়ওয়ে, তুরস্ক এবং ইতালির প্রতিনিধিবৃন্দ। এছাড়া বৈঠকে ইউএনডিপি’র একজন আবাসিক প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
বিএনপির প্রতিনিধির মধ্যে ছিলেন, দলটির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, ইনাম আহমেদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহম্মেদ, রিয়াজ রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। এছাড়াও বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান বৈঠকে যোগ দেন।
[b]ঢাকা, এমএইচ, ৭ মে(টাইমনিউজবিডি.কম)[/b]