আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারের ১০০ দিনেই বিএনপির মহাসচিব হতাশ। ভবিষতে তাদের এই নৈরাজ্যের রাজনীতি অব্যহত থাকলে ধান ক্ষেতেও খুজে পাওয়া যাবেনা।
তিনি বলেন, মুসলিম লীগের মার্কা ছিল হারিকেন। এখন তাদের হারিকেন জ্বালিয়েও খুজে পাওয়া যায় না। তেমনি বিএনপির নৈরাজ্য অব্যহত থাকলে তাদের ধানের শীষ মার্কা ধান ক্ষেতেও খুঁজে পাওয়া যাবেনা।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘এখন আর বক্তব্য রাখতে ইচ্ছা করেনা। বাংলাদেশের মানুষ এখন যেন কেমন হয়ে গেছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমলগীরের এমন বক্তব্য সমালোচনা করে তিনি বলেন, সরকারের ১০০ দিনের মধ্যেই বিএনপির মহাসচিব হতাশ। আমরা চাই আপনারা (বিএনপি) রাজনীতির মাঠে টিকে থাকুন। মুসলিম লীগের মত আপনাদেরকে যেন না হারাই। হতাশায় না তলিয়ে যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গ ছেড়ে সঠিক রাজনীতিতে ফিরে আসুন।
তিনি বলেন, ২০১৩ সালের সহিংসতা এবং ৫ জানুয়ারি নির্বাচনের পর বিএনপি চুপসে গিয়ে হতাশায় ভুগছে। আর মহাসচিবের বক্তব্যে এটা প্রকাশ পেয়েছে।
বিএনপির আন্দোলন সম্পর্কে হাছান মাহমুদ বলেন, বিএনপির মুখে আন্দোলনের কথা শুনলে শিশুরাও হাসে। বিএনপির আন্দোলন করার মত কোন সাংগঠনিক শক্তি নেই। তাদের হুমকি-ধমকি পাগলের প্রলাব ছাড়া কিছুই নয়।
‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়নের কাজ চলছে’ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতদের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এটা অর্থমন্ত্রী একান্ত নিজস্ব কথা। আমাদের সঙ্গে সকল দেশের সম্পর্ক ভালো। এমনকি যুক্তরাষ্টের সঙ্গেও।
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ঢাকা মহানগর সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার জাকির আহমেদ, গোলাম সরোয়ার কবির, বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি হুমায়ুন কবির মিজি প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]