বিএনপির ভাইসচেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকারের দেশে বিদেশে কোন বন্ধু নেই। হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন ছাড়া এ সরকারের পাশে কেউ নাই।

তিনি বলেন, তাই তারা গুম খুন করে ক্ষমতায় টিকে থাকতে চায়। এ সরকার নির্যাতনের পথ বেছে নিয়েছে। কিন্তু নির্যাতন করে তাদের শেষ রক্ষা হবে না। 

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনের আয়োজন করে দেশ বাচাঁও মানুষ বাচাঁও আন্দোলন।

আব্দুল্লাহ আল নোমান বলেন, রাজনৈতিক মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমান জিতবে। খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। এটি রাজনৈতিক ষড়যন্ত্র। তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। অন্যায়ভাবে কোন শাস্তি দিলে এ দেশের জনগণ মেনে নিবে না।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, অবৈধ সরকার আরেকটি নীল নকশার নির্বাচনের পরিকল্পনা করছে। সে নির্বাচনে আমরা যাতে অংশগ্রহন করতে না পারি সেজন্য মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীকে জেলে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বিভিন্ন মিথ্যা মামলায় শাস্তি দিয়ে শেখ হাসিনা চিরদিন দেশ শাসন ও শোষন করতে চায়।

তিনি আরো বলেন, ইতিহাস বলে অস্ত্র দিয়ে যারা মোকাবিলা করতে চেয়েছে তারা ঐক্যবব্ধ নিরস্ত্র মানুষের কাছে পরাজিত হয়েছে। এ দেশের জনগণ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে আবার রক্ত দিয়ে হলেও দেশকে রক্ষা করবে। জনগণের ইটের টুকরা ও লাঠির প্রতিরোধের কাছে বন্দুক ও রাষ্ট্রীয় যন্ত্র টিকবে না।

আয়োজক সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক সংসদ সদস্য আবু জাফর, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ।
এমএইচ