মুসলমানদের দেশ বাংলাদেশের মুসলিম প্রধানমন্ত্রীকে হঠাতে বিএনপি ইহুদিদের সঙ্গে হাত মিলিয়েছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে কৃষক লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় সোমবার দুপুরে তিনি এ অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিভিন্ন ভাবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলাদেশ মুসলমানদের দেশ। মুসলিম প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে হটানোর জন্যে ইহুদি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে তারা হাত মিলিয়েছে।

তিনি বলেন, বাংলার জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। সত্যকে চাপা দিয়ে রাখা যাবে না, দিবালোকের মতো পরিষ্কার।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, জাতীয় সংসদের সামনে বাজেট সেশন। জুন মাসের ১ তারিখ থেকে নতুন বরাদ্দ আসবে। নতুন ভাবে আবার পদ্মা সেতু, ফোর লেন, কর্নফুলি টার্নেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এই কাজগুলো ২০১৮/১৯ সালে বাংলাদেশে যোগাযোগ কাজে অভাবনীয় পরিবর্তন আনবে শেখ হাসিনার নেতৃত্বে।

কৃষক লীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও কৃষক লীগের নেতারা।

রানা/এমআইএস