রসিক নির্বাচনে একটি কেন্দ্রে ইভিএম (ইলেক্ট্রিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রসিক নির্বাচনের রির্টানিং অফিসার অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
রংপুর সিটি কর্পোরেশন এলাকার সরকারি বেগম রোকেয়া কলেজে-১৪১ নম্বর ভোট কেন্দ্রে এই পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।ভোটের এক সপ্তাহ আগেই এ সিদ্ধান্ত জানানোর ফলে এ নিয়ে ভোটার ও প্রার্থীদের মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার এ বিষয়ে প্রস্তুতিমূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়।‘ইভিএম’ (ইলেক্ট্রিক ভোটিং মেশিন)পদ্ধতিতে গ্রহণের জন্য ভোটার, মেয়র, কাউন্সিলরসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন নিয়ে উল্লিখিত ভোট কেন্দ্রে প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশন। 
২১ ডিসেম্বর ভোটের দিন সরকারি বেগম রোকেয়া কলেজে-১৪১ নম্বর ভোট কেন্দ্রে নিউ শালবন ও শালবন এলাকার ২ হাজার ৫৯ ভোটার ভোট প্রয়োগ করবেন।
বৃহস্পতিবার ওই প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ড. মো. রফিকুল ইসলাম, রসিক নির্বাচনের রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার, নির্বাচন কমিশন আব্দুল বাতেন (অপারেশন), উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম, কাউন্সিলর প্রার্থী নুরন নবী ফুলু, আরজানা সালেক প্রমুখ।
এমএ