বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের যেসব নেতারা দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা চালাচ্ছে তাদের বিচার হবে বলে জানিয়েছেন শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ সভাপতি ও নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

এসময় তিনি আরও বলেন, নৈরাজ্য ও নশকতায় হুকুমদাতা হিসেবে বেগম খালেদা জিয়াসহ যেসব নেতারা জড়িত তাদেরও বিচার হবে।

বুধবার রাজধানীর বিসিআইসি অডিটরিয়ামে কর্মচারী লীগ আয়েজিত শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ৫ এপ্রিল গণপদযাত্রাকে সফল করার লক্ষ্যে এক প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, খালেদা জিয়া রাজনৈতিকভাবে লাইফ সাপোর্টে চলে গেছেন। এর থেকে বেরিয়ে আসতে হলে সন্ত্রাস ও নৈরাজ্যের পথ পরিহার করে গণতান্ত্রিক পথে ফিরে আসতে হবে।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে। আর খালেদা জিয়া এই দুই সিটিতে হরতাল শিথিল করেছেন। অথচ অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার করেননি। এর মানে তিনি পেট্রল বোমা মেরে মানুষ মারবেন, কিন্তু এদেশের জনগণ তা মেনে নেবে না।

এসময় আরও উপস্থিত ছিলেন জাসদ সহ-সভাপতি শিরিন আক্তার, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মিয়া, জাতীয় রিকশা-ভ্যান ও কাভার্ড শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আজাহার আলী প্রমুখ।

এমআর/এমকে