প্রধানমন্ত্রীর সাথে সংলাপে বসতে আজ ১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে যাবেন ঐক্যফ্রন্টের নেতারা।

এর আগে একটি অর্থবহ সংলাপের আহবান জানিয়ে প্রধামন্ত্রীকে চিঠি দেন ঐক্যফ্রন্টের আহবায়ক ড.কামাল হোসেন। তারই জবাবে প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় নৈশভোজ ও সংলাপের আহবান জানায়।

কিন্তু সন্ধ্যায় সংলাপে বসলেও নৈশভোজে অংশ নিচ্ছেন না ঐক্যফ্রন্টের নেতারা। নৈশভোজের ব্যাপারে নিজেদের অনাগ্রহের কথা আ.লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জানিয়েছেন ঐক্যফ্রন্টের সঙ্গে থাকা গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু।

ঐক্যফ্রন্টের শরিক দল, জাসদ (জেএসডি) সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। নৈশভোজ না করার পেছনে কারণ হিসেবে তিনি বলেন, আলাপ-আলোচনার জন্য দেড় থেকে দুই ঘণ্টা সময় পাওয়া যাবে। আমরা চাই নৈশভোজে সময় নষ্ট না করে সে সময় আলোচনায় ব্যয় করতে।

এর আগে গত রোববার (২৮ অক্টোবর) শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সব দলের অংশগ্রহণ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে অর্থবহ সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

ওইদিন সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে ঐক্যফ্রন্টের নেতারা এই চিঠি পৌঁছে দেন।

ঐক্যফ্রন্টের পক্ষে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক ও যুগ্ম-মহাসচিব আ ও ম শফিউল্লাহ এ চিঠি দেন।

সেই চিঠির বিষয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে অনির্ধারিত আলোচনা হয়। সেখানেই প্রধানমন্ত্রী সংলাপের বিষয়ে সাড়া দেন।

জেড