দেশে আজকে কোনো বৈধ সরকার নেই মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোটের শীর্ষ নেতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, এই সরকার সম্পূর্ণ অবৈধ। তারা গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে।
বুধবার রাতে গুলশানের কার্যালয়ে কৃতিমান খেলোয়াড় ও সংগঠকদের বিএনপিতে যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকের এই যোগদান অনুষ্ঠান দেশের মানুষকে অনুপ্রাণিত করবে বিশেষ করে জাতীয়তাবাদে অনুপ্রাণিত করবে। দেশের এই ক্রান্তিকালে দেশের যুবসমাজকে এগিয়ে আসতে হবে।
সরকার সবকিছু দলীয়করণের মত ক্রীড়া ক্ষেত্রেও দলীয় করণের মাধ্যমে সব কিছু দখল করে নিয়েছে অভিযোগ করে তিনি বেগম জিয়া বলেন, তারা দেশের উন্নয়নে কোনো কাজ করেনি। কেবল নামফলক পরিবর্তনের মাধ্যমে নতুন নাম ফলক লাগায়। কিন্তু দেশের মানুষ পরিবর্তন চায়, ভাল কিছু চায় নতুন কিছু চায়।
সরকার অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতে দেশে বিভাজন সৃষ্টি করেছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, বিভাজিত একটি জাতি কোনোদিন উন্নতি করতে পারে না। মেধাবীদের বিভাজিত করে দেশের উন্নয়নে তাদের কাজে লাগানো যাবে না।
উপজেলা নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পরবে বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় সরকারের মাথা খারাপ হয়ে গেছে। প্রশাসনের নগ্ন হস্তক্ষেপের ফলেও বিএনপি নেতৃত্বাধীন অনেক ভাল  করেছে। আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে হলে এর প্রভাব পরবে।
বেগম জিয়া আরও বলেন, দেশ পরিচলনার সময়ে আমরা ক্রীড়া ক্ষেত্রে  ব্যাপক উন্নয়ন সাধন করেছি। কোথাও দলীয়করণের প্রশ্রয় দেয়নি। যোগ্যদের যথাযথভাবে মূল্যায়নের চেষ্ঠা করেছি।  
তিনি যোগ দেয়া খেলোয়াড় ও সংগঠকদের অভিনন্দন জানিয়ে বলেন, আগামী দিনে জনগণের অধিকার আদায়ের সকল আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, আমরা খেলার মাঠে যেভাবে খেলেছি, তেমনি আপনার নেতৃত্বে রাজপথে লড়াই সংগ্রাম করে জনগণের ভোটের অধিকার আদায় করতে চাই।
এর আগে বুধবার রাত ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ যোগদানপর্ব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের নেতৃত্বে কৃতি খেলোয়াড়বৃন্দ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।
যোগ দেওয়া অন্য খেলোয়াড়বৃন্দরা হলেন-ইমতিয়াজ আহমেদ নকীব, মাসুদ রানা, মিজানুর রহমান ডন, আলফাজ আহমেদ, মতিউর রহমান মুন্না, এনামুল হক, অরুপ কুমার, জিয়াউর রহমান, মাসুদ করীম, মো. উজ্জল ও শাকিল আহমেদ।
এছাড়াও ক্রীড়া সংগঠকদের মধ্যে রয়েছেন,কাজী শামীম তারেক, সালাউদ্দীন হায়দার খোকন, জিয়াউর রহমান তপু,বজলুর রহমান ও মেজবাহ উদ্দীন আহমেদ ।
এসময় বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা,এমএইচ,৫ মার্চ (টাইমনিউজবিডি.কম)// কেএইচ
[/b]