জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে এবং তাদের অর্থের উৎস বন্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্রমৈত্রী। দাবি পূরণ না হলে ভবিষ্যতে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সভাপতি।
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওনা দেয় ছাত্রমৈত্রী। সমাবেশে উপস্থিত ছিলেন- ছাত্রমৈত্রী সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অর্ণব দেবনাথসহ সংগঠনের ঢাবি শাখা ও মহানগরের নেতাকর্মীরা।
সমাবেশে আবুল কালাম আজাদ বলেন, জামায়াত-শিবিরের দোসরারা মুক্তিযুদ্ধে এদেশে গণহত্যা চালিয়েছিল। এদেশের বুদ্ধিজীবীদের তারা তালিকাভুক্ত করে হত্যা করেছিল। তাই আজকে তাদের নিষিদ্ধ করা অপরিহার্য হয়ে উঠেছে।
তিনি আরো বলেন, আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবো এবং তাদের আমরা জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেব। এরমধ্যে যদি জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা না হয় প্রয়োজনে আমরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবো।
দাবি আদায় না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেন এই নেতা।
এমএইচ





