বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চেহলাম গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

গুলশানে রাজনৈতিক কার্যালয়ে বুধবার সকাল থেকেই কোরানখানির মাধ্যমে চেহলাম শুরু হয়। বাদ আসর দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

মোনাজাতে অংশ নেন- ব্যারিস্টার রফিক-উল হক, মেজর (অব.) আকতারুজ্জামান, খালেদা জিয়ার চাচাতো ভাই জাহিদ হোসেন এবং তার দুই ছেলে আকিদ ও আসাদ। ১৭ ফেব্রুয়ারি থেকে কার্যালয়ে অবস্থানকরী স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও মোনাজাতে অংশ নেন।

এ ছাড়া ৩ জানুয়ারি থেকে অবস্থানকারী চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আলম ডিউ, একান্ত সচিব আব্দুস সাত্তার, নিরাপত্তা সমন্বয়ক কর্নেল (অব.) আব্দুল মজিদ, প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খানসহ প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী।

কার্যালয়ের দ্বিতীয় তলায় বসে মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।

কোরআনখানি উপলক্ষে কার্যালয়ে বুধবার বেলা সোয়া ১১টার দিকে বাড্ডার আজিজিয়া এতিমখানা মাদ্রাসার হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, আনিসুর ইসলাম আনিস, মো. আব্দুর রহমান, শহীদুল ইসলাম, মো. ইব্রাহিম খলিল ও মীর হোসেন দিনব্যাপী কোরআন তেলাওয়াত করেন।

গুলশান কার্যালয়ের সামনে দলের কিছু কর্মী কোকোর চেহলামের মোনাজাতে অংশ নেন। দোয়া ও মোনাজাত শেষে কার্যালয়ের সামনে তবারক (তেহারী) বিতরণ করা হয়।

জিয়াউর রহমান ও খালেদার জিয়ার ছোট ছেলে কোকোর মৃত্যুর ৪০ দিন পূর্ণ হচ্ছে বুধবার। হৃদরোগে আক্রান্ত হয়ে ২৪ জানুয়ারি মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান কোকো।

জেএ