বিএনপির বিরুদ্ধে সরকারের ষড়যন্ত্রের অংশ হিসেবেই কয়েকটি গণমাধ্যমে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয় নিয়ে সংবাদ পরিবেশন করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

গণমাধ্যমের প্রকাশ করা প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যাচার, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘‘সরকার বিভিন্ন সময়েবিএনপিকে ধ্বংসের জন্য নানা সংস্থার মাধ্যমে নেতিবাচক মিথ্যাচার করছে। এরই ধারাবাহিকতায় একটি জাতীয় দৈনিকে ‘খালেদার গুলশান কার্যালয়ে অস্থিরতা’ শিরোনামে সংবাদ পরিবেশিত হয়েছে। সংবাদটি সরকারি ষড়যন্ত্রের অংশ। একই সঙ্গে এতে পরিবেশিত সকল তথ্যই অসত্য, মিথ্যাচার ও কাল্পনিক বানোয়াট কাহিনী।’’

তিনি বলেন, ‘আপনারা মিথ্যা কথায় কান দেবেন না। কোনো খবর প্রচারে প্রয়োজন হলে দলের মুখপাত্র অথবা সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ করে সংবাদ পরিবেশন করবেন।’

সেলিমা বলেন, ‘২০০৮ সাল থেকে বিএনপির নামে যে সব অপপ্রচার করা হচ্ছে,তা আওয়ামী লীগ সরকারই করছে।’

‘সরকারের ইন্ধনে এ সব মিথ্যা খবর প্রচার করা হচ্ছে। চেয়ারপারসনের বিশেষ সহকারী বা মিডিয়া উইং দলীয় কোনো বিষয়ে ভূমিকা রাখতে পারে না। তারা শুধু দলের সিদ্ধান্ত প্রকাশ করে। গত দুই দিন আগে দলে যে দু’জনকে পদায়ন করা হয়েছে, তা দলীয় সিদ্ধান্তেই করা হয়েছে। এখানে অন্য কেউ প্রভাব বিস্তার করতে পারে না’ বলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়া আপসহীন নেত্রী। তিনি সরকারের শত ষড়যন্ত্রের মুখেও দেশের গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছেন। সে জন্য সরকার খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করছে। বিভিন্নভাবে হয়রানি করছে।’

তিনি আরও বলেন, ‘দলের অনেকের মধ্যে ক্ষোভ-বেদনা থাকতে পারে। বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলতে পারেন। তবে খালেদা জিয়াকে কেউ বিভ্রান্ত করতে পারেনি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সদ্য মনোনীত দলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির মহিলা দলের সভাপতি নূরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, রাবেয়া সিরাজ, বিলকিস জাহান শিরিন, ফরিদা ইয়াসমিন প্রমুখ।

কেএইচ