আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, 'বেগম খালেদা জিয়া বাংলাদেশের ষড়যন্ত্রের সবচেয়ে বড় রাণী ভিক্টোরিয়া। নির্বাচিত সরকারকে উৎখাত করতে বিএনপি দেশী ও বিদেশীদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করছে।
তবে মনে রাখতে হবে ২০১৯ সালের এক দিন আগেও জাতীয় নির্বাচন দেয়া হবে না। আর সেই নির্বাচনেও জিতে শেখ হাসিনা হ্যাটট্রিক করবেন।'
রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে শনিবার দুপুরে উদ্বোধনী বক্তা মোহাম্মদ নাসিম এ সব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ কোনো রাজাকার, আল-বদরের দল নয়। আমি মুক্তিযোদ্ধা, আমার বাবাও ছিলেন মুক্তিযোদ্ধা। তাই আমাদের শরীরে রাজাকার, আল-বদরের রক্ত নেই। এটাই আমাদের আত্মশুদ্ধতা।
সম্মেলনে দলের যুগ্ম-সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. ফারুক খান, কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রাজশাহী জেলা আওয়ামী লীগের দুই সদস্যবিশিষ্ট কমিটি ঘোষিত হয়। সভাপতি পদে ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ নির্বাচিত হয়েছেন।
কেএইচ





