বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক তাসনীম আলম বলেছেন, সরকারের অত্যাচার আর নির্যাতনে দেশের জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই রাজপথের আন্দোলনেই এর সমুচিত জবাব দেয়া হবে।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেয়ার প্রতিবাদে ২০ দলীয় জোটের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি অভিসংশন আইনের তীব্র সমালোচনা করে বলেন, অবৈধ সরকারের বিচার বিভাগের স্বাধীনতা হরণ করার কোন অধিকার নেই।
অধ্যাপক তাসনীম বলেন, এই অবৈধ সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে জামায়াতসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের স্টীম রোলার চালাচ্ছে।
তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা দেখেছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনকে ও জামায়াতের ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদকে নির্যাতনের মাধ্যমে পঙ্গু করে দিয়েছেন। এভাবে আন্দোলন স্তব্ধ করা যাবে না।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরীর আহবায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে ২০ দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, সেলিম উদ্দীন ভূইয়া, বিএনপি ঢাকা মহানগরের সদস্য সচিব হাবীব-উন-নবী খান সোহেল, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ ইবরাহীমসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ঢাকা,এমএইচ,১১ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম,এসআর





