বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কারকিও উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস ও পাহাড়ধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি নেপালের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রদূতের কাছে জানতে চান।
বিরোধীদলীয় নেতার সহানুভূতি ও সমবেদনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। প্রাকৃতিক দুর্যোগের শুরু থেকেই ডা. শফিকুর রহমানের আন্তরিক তৎপরতা এবং শোকবার্তা পাঠানোর বিষয়টি উল্লেখ করে তিনি তাকে ধন্যবাদ জানান।
এ সময় নেপালে চলমান উদ্ধার তৎপরতা, দুর্গত মানুষের দুর্ভোগ, ভূমিধসের কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরেন নেপালের রাষ্ট্রদূত। তিনি দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় নেপালের চলমান কার্যক্রম সম্পর্কেও বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন।
জবাবে ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও নেপালের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। নেপালের এই কঠিন সময়ে বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেপালের জনগণের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
এস
