বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এলিফেন্ট রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবেক এ মন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এম কে আনোয়ারের পুরো নাম মোহাম্মদ খোরশেদ আনোয়ার। তিনি ১ জানুয়ারি ১৯৩৩ সালে খুলনায় জন্মগ্রহণ করেন।
তিনি পাকিস্তান ও বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ-পদে দায়িত্ব পালন করেছেন। সরকারি চাকরি হতে অবসর গ্রহণের পর রাজনীতিতে জড়িয়ে তিনি পরবর্তীতে ৫ বার জাতীয় সংসদ সদস্য এবং দুইবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এএস





