খালেদা জিয়ার সফরকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জবাসীকে সাবধান থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম ওয়াজেদ মিয়ার স্মরণ সভা ও চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
হাছান মাহমুদ বলেন, বিএনপি নেত্রী আগামীকাল নারায়ণগঞ্জ যাচ্ছেন। তাই আপনারা একটু সাবধানে থাকবেন। কারণ তার হাতে রক্তের দাগ ও পেট্রোলবোমা আছে।
তিনি বলেন, খালেদা জিয়ার র‌্যাব বিলুপ্তির দাবির মধ্যে দুরভিসন্ধি  রয়েছে। তার নেতৃত্বে ১৯ দলীয় জোটে জঙ্গিবাদী নেতারা রয়েছে। তাদেরকে রক্ষার জন্যেই তিনি র‌্যাবের বিলুপ্তি দাবি করছেন।
তিনি আরও বলেন, হত্যা-গুমের মধ্যে দিয়ে জিয়াউর রহমানের রাজনীতি শুরু হয়েছিল। বর্তমানে তার পত্নী খালেদা জিয়ার নেতৃত্বে তা অব্যাহত রয়েছে। তারাই আজ যখন গুম-হত্যা বিরুদ্ধে বলে তখন দেশের মানুষ হাসে। দেশের অনেক হত্যা-গুমের সঙ্গে বিএনপি জড়িত।
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো: সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয়, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমীর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ১২ মে (টাইমনিউজবিডি.কম)// জেআই[/b]