পল্টন থানায় পুলিশের দায়ের করা নাশকতার আট মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে ফের ১৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার তাকে আদালতে হাজির করে পল্টন থানার আট মামলায় রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ প্রত্যেক মামলায় দুইদিন করে মোট ১৬ দিন রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৯ জুলাই পল্টন থানার চার মামলায় রাজীবকে অট দিনের রিমান্ডে পাঠায় ঢাকা মহানগর হাকিম শামসুল আরেফিনের আদালত।

গত ১৯ জুলাই প্রাইভেটকারে করে কুয়াকাটা যাওয়ার পথে ছাত্রদল সভাপতি রাজীব আহসানসহ ছয়জনকে গ্রেফতার করে পুলিশ।

সেসময় ওই প্রাইভেটকার থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মদ উদ্ধার করা হয় বলে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ দাবি করেন।

অবশ্য ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সাত্তার জানান, বরিশালের মেহেদীগঞ্জে গ্রামের বাড়িতে স্বজনদের সঙ্গে দেখা করে পটুয়াখালীতে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন রাজীব। সেখান থেকে ঢাকায় ফেরার পথে তাকে গ্রেফতার করে পুলিশ।

কেএইচ