দলীয় কাজ এবং খারাপ আবহাওয়ার কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ শনিবার নির্বাচনী প্রচারে বের হবেন না।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান টাইমনিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচনী প্রচারে গিয়ে খালেদা জিয়ার গাড়িবহর তিনবার হামলার মুখে পড়ে।

গতকাল শুক্রবার নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আচরণবিধি অনুসারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গাড়িবহর নিয়ে নির্বাচনী প্রচার চালাতে পারবেন না। ইসি এ বিষয়ে নির্দেশনা দিয়ে ঢাকার দুই সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছে। এ নির্দেশনা দিয়ে একটি চিঠি খালেদা জিয়ার কাছেও পাঠানো হবে বলে কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
সর্বশেষ গত বুধবার রাজধানীর বাংলামোটরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়। ছাত্রলীগের কয়েকজন নেতাকে হামলায় অংশ নিতে দেখা যায়। ওই দিনের হামলায় খালেদার গাড়ির বাম পাশের পেছনের দিকের কাচ ভেঙে যায়। এ সময় তিনি গাড়িতে পেছনের সারির আগের সারিতে বসে ছিলেন। তাঁর নিজস্ব নিরাপত্তা কর্মীদের গাড়িতেও হামলা চালিয়ে এলোপাতাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ কাইয়ূম ও ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা সামিউল হক আহত হন।

এর আগের দিন মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ফকিরাপুলে গণসংযোগ শেষে নয়াপল্টনের দিকে আসার পথে কাঁচা বাজারসংলগ্ন এলাকায় সরকার-সমর্থকদের হামলার শিকার হয় খালেদা জিয়ার গাড়িবহর। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা হামলাকারীদের ধাওয়া দেন।

সোমবারও প্রচারে নেমে কারওয়ান বাজারে খালেদা জিয়ার পথসভা ও গাড়িবহর সরকার-সমর্থক নেতা-কর্মীদের হামলার শিকার হয়। ওই দিন তাঁর দুটি গাড়ি ও ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। গত রোববার উত্তরায় তিনি প্রচারে গিয়ে সরকার-সমর্থকদের বাধার মুখে পড়েন।

এমএইচ