ভারতের অংশগ্রহণ ছাড়া মুজিব শতবর্ষের অনুষ্ঠান পূর্ণতা পাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদানের কথা মাথায় রেখে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মঙ্গলবার (০৩ মার্চ) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এই কথা বলেন।
ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সেখানে যে সহিংসতার ঘটনা ঘটছে সেটি দেশটির ‘আভ্যন্তরীণ বিষয়’ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
তিনি বলেন, মুজিববর্ষে ভারতের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতে কী ঘটেছে, কী ঘটেনি সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশে তো এমন কোনো পরিস্থিতি বিরাজ করছে না যাতে এটা নিয়ে প্রশ্ন তোলা যায়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘ভারতবিরোধী রাজনীতি’ করেন এমন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, “এ কারণে তিনি মোদির আগমণের বিরোধিতা করছেন।”
পাশাপাশি মুজিব শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে আসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রতিহত করার ঘোষণাকে দুঃখজনক বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, “ভারত ১৯৭১ সালে আমাদের এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে। আমাদের পক্ষে বিশ্বজনমত তৈরি করেছে। বঙ্গবন্ধুকে মুক্ত করার বিষয়ে ভূমিকা রেখেছে। এগুলো সামনে রেখে মোদিকে স্বাগত জানাবে বাংলাদেশ।”
এমবি





