রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্তকে 'আইওয়াশ' বলে অভিযোগ করেছে বিএনপি।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মিয়ানামার ও বাংলাদেশের মধ্যে বৈঠকটি আইওয়াশ ছাড়া কিছুই নয়। আমরা মনে করি, এতে রোহিঙ্গাদের পূর্ণ নিরাপত্তাসহ স্বদেশে ফিরিয়ে নেয়ার কোনো তাগিদ নেই।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন। তিনি বলেন, মিয়ানমারের মন্ত্রী বাংলাদেশ সফরের সময়েও সেখানে রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন অব্যাহত রয়েছে।
নির্যাতনে সেখান থেকে হাজার হাজার রোহিঙ্গা পালিয়ে আসছে। এসব বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কিছুই বলেননি। তিনি দেশবাসীকে মন ভোলানোর কথা বলেছেন।
মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের বিরুদ্ধে পল্টন থানায় মিথ্যা মামলা দায়েরের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান তিনি।
দেশে চালের মূল্য 'আকাশচুম্বি' উল্লেখ করে এ ব্যাপারে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন রুহুল কবির রিজভী। তিনি আর বলেন,৬০ টাকার নিচে কোনো তরিতরকারী কেনা যাচ্ছে না। চাল-ডাল-লবন-তেলসহ নিত্যপণ্যের মুল্যবৃদ্ধিতে দুর্বিষহ মানুষের জীবন।
প্রধান বিচারপতি এস কে সিনহা এক মাসের ছুটির বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে রিজভী বলেন, এ নিয়ে এখনই আমার কোনো মন্তব্য নেই। দলের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে প্রতিক্রিয়া জানানো হবে।
বিএনপির সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আজিজুল বারী হেলাল, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, মনির হোসেনসহ প্রমুখ।
এএস





