বিএনপি চেয়ারপারসনসহ দলীয় নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে ২০ দলীয় জোটের ডাকে বগুড়ায় আধাবেলা হরতাল চলছে।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল চলবে। এর আগে বুধবার দুপুরে এ  আধাবেলা হরতালের ডাক দেয়া হয়।

হরতালে জেলা শহরের শেরপুর রোড কলোনী, খান্দার, মালতীনগর, বকশী বাজার, নাটাইপাড়া, চেলাপাড়া, নারুলী, সাবগ্রামসহ শাজাহানপুর ও শেরপুর উপজেলাসহ বেশ কিছু স্থানে পিকেটিং এর খবর পাওয়া গেছে। সকাল থেকে জেলায় দূরপাল্লার কোনো যান চলাচল করতে দেখা যায়নি।

তবে সংবাদপত্র, সাংবাদিক, রোগী বহনকারী গাড়ি বা অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ি হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।

এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি মাজেদুর রহমান জুয়েল, জেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি ইঞ্জিনিয়ার শামুছুল হক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকা আলিয়া মাদরাসার অস্থায়ী আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের ওপর পুলিশ হামলা চালায়।

এর আগে বুধবার বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল হামলায় শহর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়কসহ অন্তত ১২ জন নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করে বিএনপি কার্যালয়ে হামলা করে যুবলীগ ও অঙ্গ সংগঠন।

এ ঘটনার প্রতিবাদে ওই দুপুর সোয়া ২টার বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা  করলে জেলা যুবদল সভাপতি সিপার আল বখাতিয়ারকে আটক করে পুলিশ।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়জুর রহমান জানান, সিপার আল বখতিয়ারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় নেয়া হয়েছে।

ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর