বনানীতে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

মঙ্গলবার দুপুর দুইটায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলের দখল নিতে শীর্ষস্থানীয় পদে এরশাদ ও তার স্ত্রী বিরোধী দলীয় নেত্রী রওশনের মধ্যকার বিদ্রোহের মধ্যে এই সংবাদ সম্মেলনের ডাক দেন এরশাদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বিশেষ দূত দলের সবশেষ অবস্থান তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন ডেকেছেন বলে জানিয়েছেন তার প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি ও দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়।

তিনি বলেন, পাঁচ দিনের সফরে রংপুরে গিয়েছিলেন পার্টির চেয়ারম্যান এরশাদ। উদ্ভূত পরিস্থিতিতে তিনি সফর সংক্ষিপ্ত করে আজই ঢাকায় ফিরছেন এবং দুপুরে সংবাদ সম্মেলন করবেন।

উল্লেখ্য, গত রবিবার ছোট ভাই জিএম কাদেরকে জাতীয় পার্টির উত্তরসূরি হিসেবে দলের কো-চেয়ারম্যান ঘোষণা করেন এরশাদ। এরপরই দলটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।

গতকাল সোমবার সন্ধ্যায় দলের প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক ডেকে একাংশের নেতারা এরশাদেরই স্ত্রী রওশনকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার সিদ্ধান্ত নেন।

গুলশানে রওশনের বাসায় দ্বিতীয় দফা বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান জাপার মহাসচিব জিয়াউদ্দিন বাবলু।

তিনি বলেন, ‘এরশাদ দলীয় গঠনতন্ত্র না মেনেই তার ছোট ভাইকে কো-চেয়ারম্যান ঘোষণা করেছেন। এ নিয়ে কোনো ফোরামেই তিনি আলোচনা করেননি। আমরা গঠনতন্ত্রকে সমুন্নত রাখতে সর্বসম্মতিক্রমে রওশন এরশাদকে দলের অ্যাক্টিং চেয়ারম্যান করার সিদ্ধান্ত নিয়েছি।’
এমএম