'জিয়ার সৈনিক এক হও' স্লোগান দিয়ে খালেদা জিয়ার সমর্থনে মিছিল বের করেছিলেন বিএনপির ২০-২৫ নেতা কর্মী।

আজ রোববার বেলা ১১টার দিকে ২০-২৫ জন নেতা-কর্মী ঢাকা মেডিকেল কলেজের পশ্চিম গেট সংলগ্ন রাস্তায় মিছিল বের করার চেষ্টা করেন।

তবে এ সময় পুলিশ তাঁদের সরাতে গেলে তাঁরা মোনাজাত ধরে ফেলেন। তাঁরা খালেদা জিয়া ও দেশের মঙ্গল কামনা করে মোনাজাত করতে থাকেন। তাঁদের মধ্যে বেশিরভাগই নারী কর্মী। পরে পুলিশ তাঁদের সরিয়ে দিলে অনেকেই রাস্তায় বসে পড়েন। আর পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল নয়টা ৫৫ মিনিটের দিকে গুলশানের নিজ কার্যালয় রওনা হয়ে ১০টা ৩৫ মিনিটে রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতের চত্বরে পৌঁছান তিনি। এরপর যান আদালতের এজলাসে।

বিএনপির চেয়ারপারসনের হাজিরাকে কেন্দ্র করে আদালত ও এর আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ, র‍্যাব ও বিজিবির বিপুলসংখ্যক সদস্য।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কয়েক মাস ধরে আদালতে হাজির না হওয়ায় বিচারক গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই মামলায় আজ শুনানির দিন ধার্য রয়েছে।

এসএইচ