দেশে মিনিমাম গণতান্ত্রিক পরিবেশ না থাকায় আওয়ামী লীগের সম্মেলনে বিএনপি যায়নি বলে মন্তব্য করেছেন দফতরের দায়িত্বপ্রাপ্ত ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রোববার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে রিজভী এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশে মিনিমাম গণতন্ত্রের পরিবেশ যদি থাকতো তাহলে আওয়ামী লীগের সম্মেলনে বিএনপি যোগ দিতো। বিএনপির বিরুদ্ধে লাগামহীন অশ্লীল, অশ্রাব্য বক্তব্য দিয়েই চলছে আওয়ামী লীগের নেতারা। এটাকে অতিক্রম করে সম্মেলনে গেলে জনগণ মেনে নিতোনা। তাই বিএনপির সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক হয়েছে বলেই আমি মনে করি।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে ৬৬ দিন পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন রিজভী আহমেদ। এসময় দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
এসময় তার সঙ্গে ছিলেন দলের সহ সাংগঠ্নিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ দফতার সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ।
গত ১৯ অক্টোবর পল্টন থানার নাশকতার মামলায় জামিন পাওয়ার পর আজ নয়াপল্টনের কার্যালয়ে গেলেন বিএনপির এই নেতা।
এরপরই বিএনপিকে দাওয়াত দেয়ার পরও আওয়ামী লীগের সম্মেলনে তাদের না যাওয়ার বিষয়টি পরিস্কার করেন তিনি।
এমবি





