আওয়ামী লীগকে বাম-কমিউনিস্টদের হাত থেকে বাঁচাতে কোনো সংগ্রাম হলে তাতে সমর্থন দিবেন বলে জানিয়েছেন প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন সময়ে ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনাসভায় বৃহস্পতিবার সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন ওই সভার আয়োজন করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, গণমানুষের আস্থা অর্জন করতে হবে। শুধু বেনজির সাহেবদের দিয়ে ডান্ডা মেরে ঠাণ্টা করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না। শেখ হাসিনা বাংলাদেশকে বিকলাঙ্গ করতে চান বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনা ইতিহাস থেকে পাঠ গ্রহণ করুন। আমরা আপনার শত্রু না। আমরা আওয়ামী লীগের সমর্থক কিন্তু অঙ্গ সংগঠনও নই। বাম রাজনীতিবিদদের বিষয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক হতেও বলেন তিনি। মৃত্যুর আগে পর্যন্ত বাম-কমিউনিস্টদের বিরোধিতা করে যাবেন বলেও এ সময় বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, খালেদা জিয়া আপনার ঢাক ঢাক গুড় গুড় করে কোনো লাভ নেই। আপনি যে সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করেন না, সেটা বলুন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রলীগের নেতা নূরুল ফজল বুলবুল, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, নূরুল আলম, মোস্তফা মনোয়ার মন্টু, মাহমুদুর রহমান মান্না, এম এ রশিদ প্রমুখ।

ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ