বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিশোরগঞ্জ আসছেন। দুপুর ২টায় গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থানীয় ২০ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
এদিকে জেলার গুরুদয়াল সরকারি কলেজ মাঠে বেগম জিয়াকে বরণে প্রস্তুত রয়েছে নেতাকর্মীসহ লাখো জনতা।
এই জনসভায় হোসেনপুরে কৃতিসন্তান, বিএনপির স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের পক্ষ থেকে ব্যাপক শোডাউনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বুধবার পাকুন্দিয়া, গফরগাঁও ও নান্দাইল উপজেলার নেতাকর্মীসহ হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের জেলখানার মোড়ে একত্রিত হয়ে দুপুরে মির্জা আব্বাসের নেতৃত্বে লাখো জনতার মিছিল নিয়ে খালেদা জিয়ার জনসভাস্থলে উপস্থিত হবেন। এর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানান।
এ জন্য মঙ্গলবার হোসেনপুর পৌর এলাকায় কর্মী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের পর নেতাকর্মীরা হোসেনপুর হাসপাতাল চৌরাস্তা মোড় ও দ্বিপেশ্বর গোলচত্বর মোড়ে অবস্থান করবেন।
জনসভার প্রধান সমন্বয়কারী বিএপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক জরুরি সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার জনসভা সফল করতে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যসহ সব শ্রেণী-পেশার মানুষের সহযোগীতা কামনা করে বলেন, সব কিছু ঠিক থাকলে বুধবারের খালেদা জিয়ার জনসভা হবে স্মরণকালের সর্ববৃহৎ গণজমায়েত।
এসএইচ





