বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, নারায়ণগঞ্জের সন্ত্রাসের গডফাদারকে যেভাবে প্রশ্রয় দিচ্ছে, তাতেই মনে হচ্ছে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা গডফাদারের মা।
রোববার রাতে গুলশান কার্যালয়ে লক্ষ্মীপুর জেলার গুম হওয়া বিএনপি নেতাকর্মীদের স্বজনদের সঙ্গে স্বাক্ষাতের পর তাদের সমাবেদনা জানানোর সময় এসব কথা বলেন তিনি।
খালেদা জিয়া আরও বলেন, আপনারা দেখেছেন এই অবৈধ সরকারের প্রশ্রয়ে তাদের দলীয় সন্ত্রাসীরা কীভাবে মিরপুরের বিহারী পল্লীতে ঘরের তালা মেরে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এর চেয়ে জঘন্য অপরাধ আর কী হতে পারে? তাই এই সরকারের হাত থেকে যত দ্রুত মানুষকে মুক্ত করা যাবে ততই মঙ্গল।
তিনি আবারো দ্রুত মধ্যবর্তী নির্বাচনের দাবী করে বলেন, এভাবে মানুষ হত্যা করে অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করবেন না। তাহলে এমন একদিন আসবে যেদিন শুধু দেশে নয় আন্তর্জাতিক আদালতেও আওয়ামী লীগের অপকর্মের বিচার করা হবে।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের ঘটনায় র্যাবের কর্নেল জিয়াউল হাসান জড়িত। তাকে গ্রেপ্তার করতে হবে। যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের রিমান্ডের নামে জামাই আদর করা হচ্ছে। যদি প্রকৃত রিমান্ডে নেয়া হতো তাহলে তারা আরো উপরের নাম বলতো।
এ সময় উপস্থিত ছিলেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভুইয়া, যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু, এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।
এর আগে গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যরা ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তখন স্বজনহারাদের কান্নায় খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
ঢাকা, এমএইচ, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





