কুখ্যাত আইন বাতিল করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো থেকে বরখাস্তকৃত বিএনপি সমর্থিত মেয়রদের পূনর্বহাল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এই আহ্বান জানান।
গাজীপুরেরর মেয়র এম এ মান্নানকে বরখাস্ত করা প্রসঙ্গে রিপন বলেন, আওয়ামী লীগ গাজীপুরকে দ্বিতীয় গোপালগঞ্জ মনে করতো। তাই গাজীপুর সিটি নির্বাচনে পরাজয় আওয়ামী লীগ মেনে নিতে পারেনি। এই কারনে এম এ মান্নানকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। আর এই ষড়যন্ত্র আওয়ামী লীগ আগে থেকেই করেছে বলে আমরা মনে করি।
রিপন অভিযোগ করেন, সরকার সম্পূর্ণ বেআইনিভাবে মেয়র ও উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের বরখাস্ত করছেন। আর এদের স্থানে তাদের অনুগত ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে বলেও অভিযোগ করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন আগামীতে দলীয় সরকারের অধীনে হবে- সরকারের মন্ত্রীদের এই বক্তব্যে উল্লেখ করে বিএনপির মুখপাত্র বলেন, ফুল মার্কা ও টপ মার্কার নির্বাচন আওয়ামী লীগ মেনে নিতে পারছে না। আর সেই নির্বাচন যদি ধানের শীষ ও নৌকা মার্কায় হয় তাহলেতো আওয়ামী লীগ ওই নির্বাচনে আরো বেশী কারচুপি করবে।
তিনি বলেন, ক্ষমতাসীনরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়। কারন তারা জনগণের রায়কে অপছন্দ করেন। কারন সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
এমএইচ/এআই





