একাদশ সংসদ নির্বাচনের বার্ষিকীকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করছে বিএনপি। গত জাতীয় নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে উল্লেখ করে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

আগামীকাল বেলা দুইটায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। রোববার বিএনপির এ তথ্য জানানো হয়েছ।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত ভোটাধিকার হরণ ও ভোটডাকাতির ভয়াল রাত ছিল ২৯ ডিসেম্বর। এ রাত দেশবাসীর কাছে তাদের ভোটাধিকার হরণের কালোরাত হিসেবে কলঙ্কিত হয়ে থাকবে।

৩০ ডিসেম্বর কোনো ভোট হয়নি বাংলাদেশে। তাই এই আওয়ামী লীগকে অনন্তকাল রাতের ভোটডাকাতির কলঙ্কতিলক বহন করে যেতে হবে, যেমন এখন পর্যন্ত প্রতিটি সচেতন মানুষ তাদের গণতন্ত্র হত্যাকারী ও বাকশালী বলে অভিহিত করে।

তিনি বলেন, আমরা বলতে চাই- অতিদ্রুত মিডনাইটের সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। একই সঙ্গে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে যেন একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা হয়।

এএস