দেশের মানুষের ভোটের অধিকার রক্ষায় পুনরায় আন্দোলন গড়ে তুলবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
আজ দলটির সভাপতি রাশেদ খান মেনন এর সভাপতিত্বে তোপখানা রোডে শহীদ আসাদ মিলনায়তনে দু’দিনের সভার প্রথমদিনের সভা সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যালোচনায় বলা হয়, এই ইউপি নির্বাচন খুব দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত নির্বাচনী ব্যবস্থার ধ্বংস সাধন করেছে।
বলা হয়, নির্বাচনে মনোনয়ন বাণিজ্য তৃণমূল বিস্তৃত হয়ে নির্বাচনের পরিবেশ চরমভাবে কলুষিত করেছে। এর জন্য মৌলিকভাবে দায়ী নির্বাচন কমিশন এবং বিশেষত প্রধান নির্বাচন কমিশনার।
আরো বলা হয়, ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনের ফলাফল নিজের পক্ষে রাখতে এই নির্বাচনে যে ভূমিকা রেখেছে তা তাদের দলের জন্যও বুমেরাং হয়েছে। ইউপি নির্বাচনে ভোট ডাকাতি, পেশী শক্তির ব্যবহারের কারণে সহিংসতার যে ঘটনা ঘটেছে তাতেও মূল ক্ষতিগ্রস্থ হয়েছে আওয়ামী লীগ। ওয়ার্কার্স পার্টি পর্যালোচনায় বলা হয় নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের অনাস্থাবোধ অগণতান্ত্রিক শক্তিকেই উৎসাহিত করবে।
অনুষ্ঠিত সভায় নির্বাচন সম্পর্কে আট দফা করণীয় নির্ধারণ করা হয়। এর প্রাথমিক পদক্ষেপ হিসাবে নির্বাচন ও নির্বাচন কমিশনের সংস্কার সাধন, নির্বাচনে প্রশাসন তথা আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর হস্তক্ষেপ বন্ধ এবং সামগ্রিক দুর্নীতি, দুরাচার ও সাম্প্রদায়িকতার রাজনীতি সম্পূর্ণভাবে পরাজিত করার কার্যকর আন্দোলন গড়ে তুলবে।
সভায় পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ইউপি নির্বাচনের পর্যালোচনা রিপোর্ট উত্থাপন করেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন কমরেড বিমল বিশ্বাস, কমরেড সুশান্ত দাস, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড ইকবাল কবির জাহিদ, কমরেড কামরূল আহসান প্রমুখ।
ইআর





