“বিএনপি রাজনীতি নিয়ে ব্যস্ত, তারা এখন পর্যন্ত উন্নয়নের কোনো কথা বলতে পারেনি” বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, আর আমরা ব্যস্ত ঢাকাবাসীর উন্নয়ন নিয়ে।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের নিচে এক পথসভায় এ কথা বলেন তাপস। এ সময় ৩২ নম্বর ওয়ার্ডে দলের কাউন্সিলর প্রার্থী হাজি এম এ মান্নানকে পরিচয় করিয়ে দেন তিনি।
ফজলে নূর তাপস বলেছেন, “বিএনপি তাদের রাজনীতি নিয়ে ব্যস্ত, তারা এখন পর্যন্ত উন্নয়নের কোনো কথা বলতে পারেনি। আর আমরা ব্যস্ত ঢাকাবাসীর উন্নয়ন নিয়ে। ৩০ বছরের পরিকল্পনা অনুযায়ী ঢাকার ঐতিহ্য রক্ষা ও সংস্কার করা হবে।”
তাপস বলেন, “ব্যাপক সাড়া পাচ্ছি। ঢাকাবাসীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নির্বাচন। ঢাকাবাসীর কাছে অনুরোধ, নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবক হিসেবে নির্বাচিত করবেন।”
আওয়ামী লীগের এই মেয়রপ্রার্থী বলেন, “জলাশয়গুলোকে আমরা পুনরুদ্ধার করব, যাতে করে জলাবদ্ধতা নিরসনসহ আমাদের ঢাকাবাসী নান্দনিক ঢাকা শহরের সুবিধা পায়।”
এমবি





