সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওয়ারেন্ট কার্যকর করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত চলমান রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপারসন আইনের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে অভিযোগ করে সুরঞ্জিত বলেন, খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন এটাই আমাদের প্রত্যাশা। তিনি (খালেদা জিয়া) নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করে আদালতে হাজির না হয়ে যে বৈষম্যমূলক আচরণ করছেন, তা অমার্জনীয় অপরাধ।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আদালত বারবার খালেদা জিয়ার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করছে। সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে এ ওয়ারেন্ট কার্যকর করতে হবে।
যারা আইনের শাসন মানছেন না, তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নয় বলেও মন্তব্য করেন সুরঞ্জিত।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম এমপি।
এএইচ





