জনগণের যেকোন ধরণের উদ্বেগ ও আতঙ্কে  সরকারও অংশীদার বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। 
সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের যানজট নিরসনসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনে এসে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, জনগণ যদি আতঙ্কে থাকে সরকার সেখানে নির্বিকার থাকতে পারে না। এছাড়া অপরাধী যেই হোক এবং যে দলেরই হোক শাস্তি তাকে পেতেই হবে।
এসময় তিনি নারায়নগঞ্জে ওয়ার্ড কাউন্সিলরসহ ৭ জনের হত্যাকাণ্ডের ঘটনায় র্যাবের সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, নারায়ানগঞ্জের ওই ঘটনায় প্রধানমন্ত্রী ক্যাবিনেট মিটিং ডেকে বিয়ষটিকে সর্বোচ্চ গুরুত দেওয়ার নির্দেশ দিয়েছেন। ফলে অপরাধী যেই হোক তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।
সন্ত্রাসীরা যে পরিচয়েরই হোক আওয়ামী লীগ সরকার অপরাধীকে অপরাধী এবং অপরাধকে অপরাধ হিসেবে বিবেচনা করে তাদের কঠোর শাস্তি প্রদান করবে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় নারায়ণগঞ্জে বিএনপির জনসভার অনুমতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নির্বাচিত মেয়র রয়েছেন জনসভার অনুমতির বিষয়ে তিনিই সিদ্ধান্ত দিবেন। তবে পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি নারায়নগঞ্জে যেখানে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে তার পাশেই একটি হাসপাতাল রয়েছে। পাশাপাশি বর্তমানে নারায়নগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত থাকার কারণেই জনগণের নিরাপত্তার বিষয় বিবেচনা করে অনুমতি দেয়নি সিটি কর্পোরেশন।
এসময় অন্যদের মধ্যে সাভারের সাংসদ এনামুর রহমানসহ মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা,৮ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]