আওয়ামী লীগের সভাপিতমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি একটি ফ্যাসিস্ট দল। আগস্ট মাস আসলেই তারা চক্রান্ত করতে শুরু করে। তাই এই মাসে তাদের কোনো কর্মসূচি করতে দেয়া উচিত নয়।

শনিবার দুপুরে রাজধানীর ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে “কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা”আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা জাতি হিসেবে দূর্ভাগা। কারণ জাতির জন্ম দাতা বঙ্গবন্ধুকে আমরা হত্যা করেছি। এর খেসারত বাঙালি জাতিকে দিতে হচ্ছে এবং দিতে হবে।

নাসিম বলেন, বাংলাদেশের একজন নেত্রী (খালেদা জিয়া) জাতীয় শোক দিবসে জন্মদিনের কেক কেটে উল্লাস করে। জন্মদিনে কেক কাটা বাচ্চাদের কাজ। অথচ তিনি ৭০ বছর বয়সে কেক কেটে উল্লাস করে। একজন রাজনৈতিক নেত্রী জাতির পিতার মৃত্যুবার্ষিকীতে কেক কাটে এর জন্য আমাদের লজ্জা হয়। এটা রাজনৈতিক প্রতিহিংসা, হীন মানসিকতার পরিচয় ছাড়া কিছুই নয়।

অনুষ্ঠানে উপস্থিত শিশুদের উদ্দেশ্যে নাসিম বলেন, তোমারা শিশু, তোদের জানতে হবে। বঙ্গবন্ধু কে? এই মহানায়ক না থাকলে তোমরা আজ বাংলাদেশ পেতে না। তাই বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। তার সম্পর্কে পড়তে হবে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।

উপস্থিত অভিবাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে আপনাদের সন্তানদের বলবেন। তার জীবনী পড়াবেন। কারণ তাদের জানা প্রয়োজন বাংদেশের জম্মদাতা কে?

কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি শিরিন আকতার মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো: আবু কাওসার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

ঢাকা, এমআর, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ